ভারতের কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা খাইরুজ্জামালের (৪২) মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের বুড়িমারী (চেংড়াবান্দা) স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের মৃত আব্দুল্লার ছেলে। তাঁর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘ সময় কারাভোগ করছিলেন।
কারাবন্দি অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি খাইরুজ্জামালকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর মরদেহটি দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতা ও প্রক্রিয়া সম্পন্ন করতে ৩৮ দিন সময় লেগে যায়।
বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় সীমান্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দীক জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বাদ এশা নিজ গ্রাম কালুডাঙার পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
