বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। সোমবার (২৪ মার্চ) রাতেই কড়া নিরাপত্তায় কলকাতা থেকে বিমানে করে তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে ২২ মার্চ বিধাননগর আদালতে দুই অভিযুক্তকে জেরা করার আবেদন জানায় এনআইএ। বিচারক প্রাথমিক সম্মতি দিলেও ২৩ মার্চ সকালে তদন্তকারী সংস্থাটি নতুন একটি পিটিশন জমা দেয়। সেখানে তারা জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তার অভাব বোধ করায় তারা সেখানে জিজ্ঞাসাবাদ করতে ইচ্ছুক নয়। এরপরই আদালত অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন।
গত রবিবার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকেও ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। তাকে আগামী ৩ এপ্রিল পুনরায় আদালতে তোলা হবে।
আদালত চত্বরে ফয়সাল করিম নিজেকে নির্দোষ দাবি করে বলেছে, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তার দাবি, সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেলেও সেখানে গুলি করার কোনো দৃশ্য নেই। এমনকি ঘটনার সময় সে বাংলাদেশে ছিল বলেও দাবি করে। তবে কোন উদ্দেশ্যে সে ভারতে এসেছিল, সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেয়নি ফয়সাল।
ওসমান হাদি হত্যা মামলার তদন্তে এই স্থানান্তরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এনআইএ। দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে নিয়ে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পেছনের মূল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক যোগসূত্র উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছেন তদন্তকারীরা।
