ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা অনুযায়ী দেশের সংবিধান সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদের’ ভিত্তিতে যাবতীয় সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি স্পষ্ট করেন যে, সংবিধান সংস্কার সংক্রান্ত কমিটি গঠন করা হবে এবং সেখানে সব বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে বর্তমান সময়ের প্রত্যাশা ও শহিদদের স্বপ্নকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বীকৃত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কমিটি তাদের খসড়া প্রণয়ন করবে। পরবর্তীতে জাতীয় সংসদে বিধি অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় সংবিধানে বিশেষ কোনো ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সবকিছুই সংস্কার কমিটির আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ ইউনিফর্ম কেবল ক্ষমতার প্রতীক নয়, বরং এটি দায়িত্ব, ত্যাগ ও সেবার প্রতীক। তিনি নবীন কর্মকর্তাদের সততা, সাহস ও মানবিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
