সিনিয়র সাংবাদিক মারুফ কামাল বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনের মধ্যে মৌলিক ও স্পষ্ট পার্থক্য রয়েছে।
শনিবার (২৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মারুফ কামাল জানান, বিএনপি ক্ষমতায় থাকলে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় কুচকাওয়াজ আয়োজন করা হয়। অন্যদিকে আওয়ামী লীগ বা তাদের রাজনৈতিক ধারার অনুসারীরা ক্ষমতায় এলে এ কুচকাওয়াজ অনেক সময় বাতিল থাকে, কিংবা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের ইস্টার্ন কমান্ডের ‘ভিজয় দিবস’-এর আয়োজনের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় দিবস নির্ধারণের ক্ষেত্রে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ‘জাতীয় দিবস’ ঘোষণা করেন এবং এদিন জাতীয় কুচকাওয়াজ আয়োজনের সিদ্ধান্ত নেন—যা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বাতন্ত্র্যের প্রতিফলন।
মারুফ কামাল উল্লেখ করেন, শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বিখ্যাত উক্তি থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র নির্ধারণ করেন—‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়’ (Friendship with all, malice toward none)।
তার ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান এই নীতির সঙ্গে ‘সার্বভৌম সমতা’ শব্দবন্ধ যুক্ত করেন। ফলে পররাষ্ট্রনীতির সারমর্ম দাঁড়ায়—‘সার্বভৌম সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়’ (Friendship with all based on sovereign equality, malice toward none)।
তিনি ব্যাখ্যা করেন, এর অর্থ হলো—বিশ্বের প্রতিটি রাষ্ট্র, আকার-প্রকার, শক্তি বা সম্পদের পার্থক্য যাই থাকুক না কেন, পারস্পরিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে।
পোস্টের শেষে মারুফ কামাল বলেন, এই নৈতিক, আদর্শিক ও দর্শনগত পার্থক্যগুলো জানা, মনে রাখা এবং বাস্তবে প্রয়োগ করা প্রয়োজন।
