নেত্রকোনার মদনে উপজেলা বিএনপির এক নেতাকে বিলে ঘাস কাটতে যাওয়ার সময় মারধর ও পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ শফিক এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মেহেদী বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নিজ বাড়ির সামনে কান্দুবিয়া বিলে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে সোহেল মিয়া ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে বিলের পানিতে চুবানো শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার কুলিয়াটি গ্রামের সোহেল মিয়া, খায়েস, কাওছার ও সাগর। তবে অভিযুক্ত সোহেল মিয়া নির্যাতনের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, মেহেদী তার চাষ করা ঘাস কাটতে আসায় বাধা দিয়েছিলেন তিনি। সেই সময় কেবল ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং পানিতে চুবানোর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানিয়েছেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
