২০১২ সালে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান এবং এই ঘটনার বিচার দাবি করেছেন তার স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন। একইসঙ্গে তিনি গুম হওয়া অন্যান্য ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তাহসিনা রুশদীর লুনা সংসদে বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ স্বজনদের কোনো হদিস পাওয়া যায়নি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালকসহ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এম ইলিয়াস আলীর পরিণতি কী হয়েছে, তা জানতে চান তার পরিবার। গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক ও সামাজিক পুনর্বাসনের জন্য তিনি জোর দাবি জানান।
বক্তব্যে তিনি বিগত ১৭ বছরে গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। গুম-খুন নিয়ে রাষ্ট্রপতির সাহসী ও সঠিক চিত্র তুলে ধরার প্রসংশা করে তাকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী গুমের সংস্কৃতি চিরতরে নির্মূল করা হবে।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের প্রতীক্ষা ও অনিশ্চয়তা দূর করতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি অধিবেশনে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
