সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত ৬২ বিধির মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গত ১৭ বছর উন্নয়নের কথা বলে জনগণকে নির্বাচন থেকে বিচ্যুত করা হয়েছিল।
পরবর্তী দেড় বছর নির্বাচন ইস্যু সামনে এনে বিচার ও সংস্কারের বিষয়টি আড়াল করা হয়েছে। আর এখন ভোটের কালি না শুকাতেই উন্নয়নের কথা বলে ‘জুলাই সনদ’ থেকে জনগণকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আন্দোলনের সময় তরুণরা রাস্তায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে জানিয়েছিল—তারা কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্রের মৌলিক সংস্কার চায়। গুলি ও দমন-পীড়নের মুখেও তারা ‘রাষ্ট্র সংস্কার’ এর দাবিতে অনড় ছিল। কিন্তু এখন সংস্কারের পরিবর্তে সংশোধনের দিকে ঝোঁক দেখা যাচ্ছে, যা সেই সময়ের আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
মাসুদ আরও বলেন, সংবিধানের ধারা-উপধারার মধ্যে আটকে থেকে মূল সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। নির্বাচন পরবর্তী ৩০ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের কথা থাকলেও, তার পরিবর্তে অন্যান্য প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগে দলীয় প্রাধান্য কেন দেওয়া হচ্ছে। এতে ন্যায্যতা ও গণতন্ত্রের প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, যদি শপথ অবৈধ হয়ে থাকে, তবে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা উচিত।
