মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জানিয়েছেন, চলমান যুদ্ধ অন্তত আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে। এর আগে দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে জাতির উদ্দেশে ভাষণেও তিনি একই অবস্থান তুলে ধরেন এবং বলেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত লক্ষ্য অর্জনের আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন।
ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই দ্রুত ও বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং চূড়ান্ত বিজয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহ মার্কিন বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “আমরা ইরানের ওপর এমন ধ্বংসাত্মক আঘাত হানব, যা দেশটিকে কার্যত মধ্যযুগে ফিরিয়ে দেবে।”
ট্রাম্প সতর্ক করে দেন, ইরান যদি কোনো সমঝোতায় না আসে, তবে দেশটির জ্বালানি ও শক্তি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে।
এছাড়া হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে মিত্র দেশগুলোর পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন, যদিও ন্যাটোর নাম সরাসরি বলেননি।
তিনি জোর দিয়ে বলেন, “আমরা ইতোমধ্যে অনেক কৌশলগত লক্ষ্য অর্জন করেছি এবং আগামী কয়েক সপ্তাহ আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান বহু দেশের ওপর হামলা চালিয়েছে, যা প্রমাণ করে দেশটির কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
ভাষণের শেষে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো—বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “তারা অসাধারণ কাজ করেছে, আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।
