দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। একই দিন থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও নতুন সময়সূচি কার্যকর হবে। ব্যাংকগুলো গ্রাহক সেবা ও দাপ্তরিক কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস সূচির পাশাপাশি আরও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার পর দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা। এছাড়া বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়েও বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে। মূলত বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতির অস্থিরতা এবং অভ্যন্তরীণ চাহিদা সামাল দিতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার থেকে কার্যকর হতে যাওয়া এই সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
