ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করায় ভোলার বিবি সাওদা (৩৭) নামের এক নারীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। তিনি এই ঘটনাকে বাক্স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং ‘ভয় দেখানোর রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।
ব্যারিস্টার আরমান জানান, গত ৫ এপ্রিল রাতে ভোলার জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিবি সাওদাকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে। একজন সাধারণ নারীকে কেবল মতপ্রকাশের কারণে রাত ৮টায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া কোনো আইনি প্রক্রিয়া হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ৫৪ ধারা দীর্ঘ সময় ধরে বিচারব্যবস্থার অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য ঘরে ঢুকে গ্রেফতার করার এই প্রবণতা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটি ‘অশনিসংকেত’। রাষ্ট্র যখন নাগরিকের কণ্ঠরোধ করার চেষ্টা করে, তখন প্রতিবাদ করাটা সবার দায়িত্ব বলে তিনি মনে করেন।
সাংসদ ব্যারিস্টার আরমান অবিলম্বে বিবি সাওদার মুক্তি দাবি করেছেন। তিনি বলেন, বিবি সাওদার মতো সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে এভাবে দমন করা কোনোভাবেই কাম্য নয়। এই গ্রেফতারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মানবাধিকার কর্মীদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে।
