নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে এক মাদরাসা শিক্ষার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হলো স্থানীয় একটি মাদরাসার ছাত্র মোহাম্মদ ইমরান (১৪) ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন খোকার ছেলে মোহাম্মদ রাকিব (২৩)। গোলাগুলির সময় তারা পথচারী হিসেবে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই এলাকার ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট মালামাল বের করা নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় গুলি ও হাতবোমা বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ঘটনার পর ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
