মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে ২ হাজার ১২৫ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। বুধবার মধ্যরাতে পরিচালিত এই অভিযানে একটি দোকানে পেট্রলের সঙ্গে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরির চাঞ্চল্যকর প্রমাণ পাওয়া গেছে। অবৈধ মজুত ও জালিয়াতির দায়ে জড়িতদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।
জুড়ী উপজেলার সমাই বাজারের ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’-এ অভিযানে ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। সেখান থেকে ৫০ গ্রাম সিঁদুর জব্দ করা হয়, যা পেট্রলের রঙ বদলে নকল অকটেন বানাতে ব্যবহৃত হতো। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে জুড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।
অন্যদিকে, বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজারের ‘নাফিজ ভ্যারাইটিজ স্টোর’ থেকে ৭২৫ লিটার অবৈধ মজুতকৃত ডিজেল জব্দ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা তেল বৃহস্পতিবার প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং বাজারে অসাধু কার্যক্রম রোধে এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো ধরনের অবৈধ মজুত ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
