ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে নজিরবিহীন আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘অনুপ্রবেশ’ তত্ত্বের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয়ে আছেন? তিনি কি ‘অনুপ্রবেশকারী’ নাকি ‘শরনার্থী’?
শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে অভিষেক এই প্রশ্নগুলো তোলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনার আইনি অবস্থান নিয়ে কেন্দ্রের দীর্ঘ নীরবতাকে তিনি রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে এনেছেন। অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি সরাসরি জানতে চান, শেখ হাসিনার স্ট্যাটাস কী, তার জবাব কি স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারবেন?
অভিষেক অভিযোগ করেন, বিজেপি বারবার বাঙালিদের টার্গেট করছে। আসামের এনআরসি-র উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে লাখ লাখ বাঙালির নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র করা হয়েছিল। পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের নামে বিপুল সংখ্যক বাঙালির নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাঁর মতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলা বা পছন্দের খাবার খাওয়ার কারণেও মানুষকে হেনস্তা করা হচ্ছে।
বিজেপির নির্বাচনী ইস্তাহারে ‘সোনার বাংলা’ স্লোগানের অনুপস্থিতি নিয়েও বিদ্রূপ করেন অভিষেক। তিনি বলেন, ইস্তাহারে এই শব্দের অনুপস্থিতি গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসের অভাবকেই ফুটিয়ে তুলছে। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তালিকায় থাকা দুর্নীতিবাজরা বিজেপিতে যোগ দিলেই সাধু হয়ে যাচ্ছেন।
