বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার তিনি এই শপথ পড়ান।
শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন বগুড়া-৬ আসনের (সদর) রেজাউল করিম (বাদশা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক (রুবেল)। তাঁরা দুজনই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য।
গত বৃহস্পতিবার বগুড়া-৬ আসন উপনির্বাচন হয়। একই দিন শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন হয়।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিমে কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সোহেল)।
অন্যদিকে, শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকের কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এ কারণে এই আসনটিতে উপনির্বাচন হয়।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
