সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার না হওয়া এবং পরবর্তীতে দ্রুত জামিন পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যজনক পোস্ট দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তাঁর মতে, শিরিন শারমিন চৌধুরীকে এতদিন গ্রেফতার না করার পেছনে একটি গভীর রাজনৈতিক সমীকরণ কাজ করছিল।
শাহরিয়ার কবির তাঁর পোস্টে উল্লেখ করেন, দেশের ৭২-এর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদের অনুপস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব স্পিকারের হাতেই যেত। কিন্তু সেই সংকটময় সময়ে শিরিন শারমিন চৌধুরীকে কোথাও পাওয়া যায়নি বা তিনি আড়ালে ছিলেন। এটি একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, মেজর হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই হঠাৎ করে শিরিন শারমিন চৌধুরী জনসমক্ষে আসেন এবং মাত্র এক সপ্তাহের মধ্যেই তাঁর জামিন হয়ে যায়। এই দ্রুত পরিবর্তন এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইনজীবী।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে একটি ‘খেলা’ হিসেবে বর্ণনা করে ব্যারিস্টার শাহরিয়ার কবির ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষ কেবল দর্শক হিসেবে এই খেলা দেখে যাচ্ছে। সবশেষে তিনি প্রশ্ন তুলেছেন—দেশের সাধারণ মানুষ প্রকৃত স্বাধীনতা কবে পাবে।
