বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং শহীদদের রক্ত বৃথা যেতে না দিতে তারা আবারও রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। রোববার দুপুরে রাজধানীর আইডিইবি মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, এটি কোনো নির্দিষ্ট দল বা জোটের বিষয় নয়, বরং বাংলাদেশকে রক্ষা করার একটি জাতীয় উদ্যোগ।
নাহিদ ইসলাম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ বাস্তবায়নে বর্তমান কর্তৃপক্ষের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বললেও বাস্তবে তারা কতটা করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও জানান, জুলাই যোদ্ধাদের স্বার্থ রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উপস্থিত শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, গত আন্দোলনে সাধারণ মানুষ সামনে থাকলেও এবার রাজপথের লড়াইয়ে মঞ্চে থাকা নেতারাই সামনের সারিতে থাকবেন। যেকোনো প্রতিকূলতায় নেতাদের বুক আগে পেতে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠিত করতে তারা বদ্ধপরিকর।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশ গড়ার এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে—চাই সেটি কোনো রাজনৈতিক দল হোক বা কোনো বৈদেশিক পরাশক্তি—সবাইকে পরাজিত করে ছাড়বেন তারা। জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট নিয়ে রাজপথে নামার জন্য তিনি সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
