রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সজ্জাদ হোসেন নামে এক বিএনপি নেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। রোববার রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাদ্দাম হোসেন এই আদেশ দেন। সজ্জাদ হোসেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের আগস্ট মাসে সজ্জাদ হোসেন ১৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে দামকুড়া থানায় একটি মামলা করেছিলেন। সেখানে তিনি দাবি করেন, ২০১৮ সালের নির্বাচনের দিন আসামিরা তাকে ভোটকেন্দ্রে মারধর ও অস্ত্রের মুখে হুমকি দিয়েছিল। তবে দীর্ঘ তদন্ত ও আদালতের শুনানিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, সজ্জাদ হোসেন যে দিন মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন, সেদিন তিনি নিজেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে বন্দি থাকা অবস্থায় বাইরে ভোটকেন্দ্রে হামলার শিকার হওয়া অসম্ভব হওয়ায় তার দেওয়া অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।
আদালত দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাকে আগামী সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যর্থ হলে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া ওই মিথ্যা মামলায় অহেতুক কারাভোগ করা দুই আসামিকে জরিমানার টাকা থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
