জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং তা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে নিতে হবে। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
ডা. শফিকুর রহমান একটি রূপক গল্প তুলে ধরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেন। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ায় যেমন অদৃশ্য প্রভাব থাকতে পারে, তেমনি দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার পেছনেও অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে বলে ধারণা করা যায়। সংসদের ভেতরের কার্যক্রম নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলন কেবল ছাত্র বা রাজনীতিবিদদের নয়, বরং শ্রমজীবী মানুষের বড় অংশ এতে অংশ নিয়েছিল। তিনি দাবি করেন, শহীদদের একটি বড় অংশই শ্রমিক শ্রেণির ছিল এবং তারা বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন।
