বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ বাড়লেও এ খাতে সবচেয়ে বেশি ব্যয় করছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস (আইক্যান)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র খাতে মোট ব্যয় দাঁড়িয়েছে ১১৯ বিলিয়ন ডলারে।
প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল ব্যয়ের বড় অংশের জন্য দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র কর্মসূচি। দেশটি একাই পারমাণবিক অস্ত্র খাতে ব্যয় করেছে ৬৯ দশমিক ২ বিলিয়ন ডলার।
এটি বৈশ্বিক মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি। ফলে পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে যুক্তরাষ্ট্রের অবস্থান অন্য সব দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে।
আইক্যানের তথ্যমতে, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বাজেট প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, এটি দেশটির সামরিক আধুনিকায়ন ও কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনার অংশ।
বিশ্বজুড়ে পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনা চললেও প্রধান শক্তিধর দেশগুলোর ক্রমবর্ধমান ব্যয় নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
