সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।
ওসি জানান, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার জন্য শাহেদকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে গ্রেফতার দেখানো হবে। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-আগস্টের গণআন্দোলনে সংঘটিত হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলায় তিনি আসামি এবং বর্তমানে কারাগারে রয়েছেন।
এদিকে ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) কামাল মজুমদার ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। তদন্ত শেষে দুদক কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে।
দুদকের মামলার এজাহারে বলা হয়, শাহেদ আহমেদ মজুমদার ‘ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে’ অবৈধভাবে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
