ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক আবাসিক স্কুল ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা জোহরের নামাজ পড়ার সময় হঠাৎ ভবনটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শিক্ষার্থী আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ, সেনা ও উদ্ধারকর্মীরা রাতভর মাটি ও কংক্রিট সরিয়ে উদ্ধারকাজ চালান। ঘটনাস্থলে শিক্ষার্থীদের পরিবার সন্তানদের খোঁজে হাসপাতালে ও স্কুলের সামনে অপেক্ষা করছেন। ধ্বংসস্তূপ থেকে আহতদের টেনে বের করার সময় স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ধ্বংসস্তূপ থেকে ৩৮ জনকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। এর মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯১ জন বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। আহত ৭৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহাম আবাস্ত জানিয়েছেন, ভবনটিতে অনুমতি ছাড়া সম্প্রসারণ কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অবৈধ নির্মাণ কাজের কারণেই দুর্ঘটনা ঘটেছে।
