নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি. এম. মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকেল ৩টার দিকে নিকেতন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার পর থেকেই মোজাম্মেল আত্মগোপনে ছিলেন। শরীয়তপুরে ছাত্রদের ওপর হামলার আরেকটি মামলাতেও তার নাম রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর গুজব ছড়ায় তিনি দেশ ত্যাগ করেছেন। তবে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ডিবি গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে মোজাম্মেল নিয়মিতভাবে অবস্থান পরিবর্তন করতেন। পারিবারিক কাজে গুলশানে এলে তাকে শনাক্ত করে ডিবি সদস্যরা আটক করেন। তদন্ত কর্মকর্তারা আরও জানান, তিনি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন এবং ভারতে পালিয়ে থাকা একাধিক নেতার সঙ্গে তার যোগাযোগের প্রমাণও পাওয়া গেছে। বর্তমানে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
