রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) ভোরে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন,
“ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আমরা তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করব।”
গ্রেফতার হওয়া আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।
তাকে ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরও গোপনে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তার জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন নেতার নাম উঠে আসতে পারে বলে তারা ধারণা করছেন।
