ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরে জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও প্রাতঃরাশভিত্তিক বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, এবং বাংলাদেশ–কসোভো দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে খোলামেলা আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি কসোভোর ভবিষ্যত সমর্থন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
