জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এসব দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি জানানো হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, সকাল ১১টায় আট দলের নেতারা বৈঠকে বসবেন। সেখানে কর্মসূচি চূড়ান্ত হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনে তা ঘোষণা করা হবে।
এর আগে পাঁচ দফা দাবিতে রাজধানীসহ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ ও মিছিল করেছে দলগুলো। সর্বশেষ তারা গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ শেষে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়।
জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) ও ডেভেলপমেন্ট পার্টি।
পাঁচ দফা দাবি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট
১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দুই কক্ষ বা উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালু
সবার জন্য সমান প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন
সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিতকরণ
জাতীয় পার্টি ও ১৪–দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা







