ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন। তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হবে। এই সফরের মূল উদ্দেশ্য হলো যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম। তিনি বলেন, শেরিং তোবগে শনিবার সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সোমবার ঢাকা ছাড়বেন।
সফরকালীন সময় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী তোবগেকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি সেই আমন্ত্রণ আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন।







