তুরস্কের প্রথম মানববিহীন যুদ্ধবিমান বায়রাকতার কিজিলেলমা পরীক্ষামূলক উড্ডয়নে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক পরীক্ষায় কিজিলেলমা একটি F-16 যুদ্ধবিমানকে প্রায় ৩০ মাইল দূর থেকে শনাক্ত করে লক করতে সক্ষম হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে তুরস্কের তৈরি উন্নত মুরাদ AESA রাডার।
পরীক্ষায় কিজিলেলমা গোকদোয়ান এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি নিখুঁত সিমুলেটেড টার্গেটে আঘাত হানে, যা এর আক্রমণক্ষমতার উল্লেখযোগ্য প্রমাণ। একই উড্ডয়নে কিজিলেলমা এবং F-16 পাশাপাশি আকাশে উড়ে রাডার, অস্ত্র ব্যবস্থা ও ডেটা-লিংকসহ সব প্রযুক্তিগত সক্ষমতা সফলভাবে যাচাই করে।
তুরস্কের প্রতিরক্ষা খাতে এটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কিজিলেলমার সফলতা দেশটির ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ সক্ষমতাকে নতুন মাত্রায় উন্নীত করবে।







