বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী সমমনা আট দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন জোটের নেতারা। তাদের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। তারপরও সব বাধা মোকাবিলা করে বরিশালে ১০ লক্ষাধিক নেতা-কর্মীর সমাবেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান জোটের বরিশাল অঞ্চলের নেতৃবৃন্দ।
সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম বলেন, পাঁচ দফা দাবির পক্ষে দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশের আয়োজন করা হয়েছে। বরিশালের সমাবেশ ঘিরে জোটের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তিনি জানান, মঙ্গলবারের বিভাগীয় সমাবেশে কমপক্ষে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, উচ্চ ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনকে সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতেই এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এখনো নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের মারধর, পোস্টার-লিফলেট ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসন এখনো নিরপেক্ষ আচরণ করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সেক্রেটারি এবং বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, জুলাই সনদে সব রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশন স্বাক্ষর করলেও এর বাস্তবায়নে নানা অপচেষ্টা চলছে। তিনি বলেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের উদ্যোগে নানা জটিলতা দেখা দিয়েছে। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি এবং বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর হামলা অব্যাহত রয়েছে। প্রশাসনকে এসব জানানো হলেও আগাম ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সহসভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাগপার জেলা সভাপতি মো. মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার, মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুলসহ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগর নেতৃবৃন্দ।







