জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই আচরণবিধি মেনে প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন সরাতে মাঠে নেমেছে দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলামের অনুসারীরা। তাঁর নির্দেশনায় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন অপসারণ শুরু করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকেই উপজেলা পরিষদ চত্বরসহ বেশ কয়েকটি এলাকায় প্রচারণামূলক সামগ্রী সরানোর কাজে অংশ নেন নেতাকর্মীরা।
নবাবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের প্রার্থীর সব ব্যানার–ফেস্টুন অপসারণ করা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং আচরণবিধি মেনে চলাতেই আমাদের অগ্রাধিকার।”
এসময় উপজেলা কর্মপরিষদ সদস্য ও গোলাপগঞ্জ ইউনিয়ন আমির আকরাম হোসেন, যুবনেতা নুর ইসলামসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগকে স্থানীয়রা দায়িত্বশীলতার ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।







