রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি জানান, সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা আর ফ্যাসিস্ট আমলের মতো একতরফা বা অনিয়ন্ত্রিত হবে না; বরং একটি নিরপেক্ষ ও প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ গঠনের সুযোগ সৃষ্টি করবে।
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে এগিয়ে যাওয়ার শক্তি বনাম পিছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তার মতে, দেশের যেসব বড় সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই এসেছে, অথচ নতুন একটি দল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে প্রচার করছে— যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে, যাতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ যে আত্মত্যাগ করেছে তা বৃথা না যায়। গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি বলে জানান বিএনপি মহাসচিব।






