ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন মুক্তিযোদ্ধা ও সংসদপ্রার্থীকে প্রকাশ্যে গুলি করা—এ ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এটি ভোটারদের মাঝে ভীতি সৃষ্টির সুস্পষ্ট অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জরুরিভাবে পর্যালোচনা করা প্রয়োজন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, দলীয় নেতা–কর্মী এবং সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। হামলাটি কোনো শক্তির নির্বাচন বানচালের সুপরিকল্পিত ষড়যন্ত্র কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধও জানান জামায়াতের এই নেতা।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গত ১৩ নভেম্বর ওসমান হাদি তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন—৩০টি বিদেশি নম্বর থেকে তাকে নিয়মিত হত্যা ও তার পরিবারের নারী সদস্যদের প্রতি নানাবিধ হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, এটি নাগরিক সুরক্ষায় গুরুতর অবহেলার উদাহরণ।
তিনি বলেন, এ ধরনের বর্বর হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানান।







