স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাদি হত্যাকাণ্ডের পর কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসম্মুখে এসে স্পষ্টভাবে জানাতে হবে। একই সঙ্গে সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ভেতরে গোপনে অবস্থান করা আওয়ামী দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
তিনি বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই সম্ভব নয়। নির্বাচনের আগেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে।
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, বাংলাদেশের জনগণকে অনেকেই বোকা ও দুর্বল মনে করে। কিন্তু এই তথাকথিত বোকা-দুর্বল মানুষরাই জুলাই মাসে উপযুক্ত শিক্ষা দিয়েছে। তারপরও অনেকের শিক্ষা হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং নিরপেক্ষ ও কার্যকর তদন্ত শুরু করার দাবি জানান। একই সঙ্গে তদন্তে দক্ষ ও অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের এই নেতা।







