ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বেঙ্গালুরু থেকে শিবমোগ্গাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাত আনুমানিক আড়াইটার দিকে জাতীয় সড়ক ৪৮–এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, একটি ট্রাক ডিভাইডার ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ পাননি। এতে জীবন্ত দগ্ধ হয়ে অন্তত ২০ জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েকজন যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হিরিয়ুর ও চিত্রদুর্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং ডিভাইডার পেরিয়ে বাসে ধাক্কা দেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে ও আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।







