জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা এবং বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। তিনি বলেন, আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি শুরু থেকেই আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল। সে অনুযায়ী দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম চলছিল এবং সারা দেশ থেকে মনোনয়ন আহ্বানও জানানো হয়। পরবর্তীতে রাষ্ট্র সংস্কার ইস্যুতে আরও দুই দলের সঙ্গে সমঝোতা হয়। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই তিন দল মিলে গঠিত সংস্কার জোট একত্রে নির্বাচনে অংশ নেবে।
তিনি আরও বলেন, তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর দেশের নির্বাচনি প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আসে, যা পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।







