শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জালিয়াতির অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।
সিল মারা ব্যালট জব্দ ও আটক সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক জানান, সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিরা বিএনপির সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত ব্যালটগুলোর কিছু অংশে ধানের শীষ প্রতীকের সিল মারা ছিল। এই জালিয়াতির নেপথ্যে আর কারা জড়িত তা খুঁজে বের করতে কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন যে, জালিয়াতি হওয়া ব্যালটগুলো বাতিল ঘোষণা করা হবে।
নিরাপত্তা জোরদার এ ঘটনার পর দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটারদের লাইন স্বাভাবিক রয়েছে এবং কড়া পাহারায় ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, জালিয়াতির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।
বিএনপি প্রার্থীর প্রতিক্রিয়া এ বিষয়ে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “ঘটনাটি আমি শুনেছি। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা আমার জানা নেই। আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাব কেউ যেন এমন বিতর্কিত কাজ না করে। সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ আমিই জয়ী হবো।”






