রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মহিলা বিভাগ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এই হৃদয়বিদারক ঘটনা দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং স্বজন হারানো পরিবারগুলোর কষ্ট ভাষায় প্রকাশের মতো নয়।
তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সমন্বিত অভিযান জোরদার করার আহ্বান জানান। এছাড়া আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এবং ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবিও তোলা হয়।
এদিকে পৃথক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ একই ঘটনায় শোক প্রকাশ করেন। তারা নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
বিবৃতিতে তারা বলেন, চলমান সময়ে সড়ক, নৌ ও আকাশপথে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় দেশের যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।







