নোয়াখালী সরকারি কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগে দণ্ডপ্রাপ্ত কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের স্থগিতাদেশ মাস না পেরুতেই প্রত্যাহার করা হয়েছে। গত ৩০ এপ্রিল এক সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে তাঁর দলীয় পদ স্থগিত করা হয়েছিল। তবে ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের সেই স্থগিতাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় সংগঠনটি।

বিতর্কের বিষয় হলো, সোহাগের ওপর দেওয়া সেই স্থগিতাদেশ বহাল থাকা অবস্থাতেই গত ৩ মে জেলা ছাত্রদলের নতুন কমিটিতে তাঁকে সহ-সভাপতি পদে পদায়ন করা হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির আওতায় থাকা একজন নেতাকে এমন গুরুত্বপূর্ণ পদে আসীন করায় দলের ভেতরে ও বাইরে নানা গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
শাস্তি মওকুফ ও নতুন পদায়নের পর রাশেদুল ইসলাম সোহাগ এখন একই সাথে দুটি বড় দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি একাধারে নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্বে বহাল রয়েছেন। ভাঙচুরের মতো গুরুতর ঘটনার পরও মাস পার হওয়ার আগেই এমন পুনর্বাসন নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা সমালোচনা চলছে।







