জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দলটি ইসলামকে ব্যবহার করে রাজনীতি করলেও মূলত ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে। রাজধানীর প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দুদু অভিযোগ করেন, দেশে যত অপকর্ম হচ্ছে, তার সবকিছুর দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে জামায়াত।
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামায়াতে ইসলামী ইতিহাসের কোনো পর্যায়েই সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি জানান, দেশের মানুষ বাস্তবতা সম্পর্কে সচেতন এবং তাদের সমর্থন বিএনপির পক্ষেই রয়েছে।
বিগত সরকারের ব্যর্থতার সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, অতীতের শাসনামলে রোগবালাই মোকাবিলায়ও ব্যাপক অবহেলা ছিল। হামের প্রাদুর্ভাব নিয়ে বারবার সতর্ক করার পরও ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে নির্মূল হওয়া রোগটি আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন যে, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে তাকে অবিলম্বে আইনের হাতে তুলে দিতে হবে। তিনি সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান যাতে দলের নাম ভাঙিয়ে কেউ অস্থিরতা তৈরি করতে না পারে।
তারেক রহমানের নেতৃত্ব ও দলের দীর্ঘ সংগ্রামের প্রসঙ্গ টেনে দুদু বলেন, গত ১৮ বছর ধরে বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং দলের এমন কোনো নেতাকর্মী নেই যিনি নির্যাতনের শিকার হননি। বেগম খালেদা জিয়ার কারাবাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।







