কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ভিজিএফের সরকারি চাল আত্মসাতের অভিযোগে এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত সাইফুল ইসলাম উপজেলার নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি। বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল একটি অসাধু চক্র গোপনে মজুদ করে রেখেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসনের নজরদারি শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাত ১০টার দিকে নোয়াবাদ ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় একটি পরিত্যক্ত দোকানঘরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।
অভিযানকালে পরিত্যক্ত দোকানঘর থেকে সরকারি ভিজিএফের ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে চাল মজুদ ও আত্মসাতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাইফুল ইসলাম মানিককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির জানান, অভিযুক্ত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। এছাড়া উদ্ধার করা ৯ বস্তা চাল স্থানীয় একটি এতিমখানার শিশুদের খাবারের জন্য হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধী কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তা বিবেচ্য নয়, অপরাধী হিসেবেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।







