রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা।
শুক্রবার আয়োজিত এ কর্মসূচির তথ্য সংগঠনটির ফেসবুক পোস্টে জানানো হয়। পোস্টে বলা হয়, পল্লবীতে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা।
এসময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের এবং সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনীসহ অন্যান্য নেতারা।
বক্তারা রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।







