ইরানের জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি অনুমোদন করা হবে না বলে জানিয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।
রোববার এক বক্তব্যে তিনি বলেন, ইরানি জনগণের স্বার্থ ও অধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়েছে, এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটির পার্লামেন্ট কোনো সমঝোতা বা চুক্তির অনুমোদন দেবে না।
গালিবাফ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বক্তব্য ও প্রতিশ্রুতির প্রতি কূটনৈতিক আলোচনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আস্থা নেই। এ কারণে যেকোনো সম্ভাব্য সমঝোতার ক্ষেত্রে সতর্ক অবস্থান বজায় রাখা হবে।
তিনি জানান, ইরানের সপ্তম উন্নয়ন পরিকল্পনায় সম্ভাব্য সংশোধনী প্রস্তাবগুলো বিশেষায়িত সংসদীয় কমিটিতে পর্যালোচনা করা হবে। এসব আলোচনায় যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, এমন সময়ে গালিবাফের এই মন্তব্য এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে।







