তিন দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ৬ জুন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘদিন ধরে সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। তবে বিশেষ করে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী তুরস্ক। এ কারণে হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের ধারাবাহিকতায় এবার তার ঢাকা সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।







