কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা এ মামলাটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার, যিনি কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি গত ২০ জুন সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপমূলক মন্তব্য করা হয়েছে। পাশাপাশি তার রাজনৈতিক অবস্থান, ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয়েছে, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার শামিল বলেও দাবি করেছেন মামলার বাদী।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে মুফতি ফয়জুল করীম বা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।







