বাগেরহাটের মোংলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপন বৈঠকে কেক কাটার সময় যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আটকরা হলেন—হাসান শিকদার, সবুজ মণ্ডল, রবিউল হাসান পিথিল এবং নূর নবী হোসেন পিয়েল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে মোংলা পোর্ট পৌরসভার ৪নং ওয়ার্ডের সরকার মার্কেট এলাকায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী একত্রিত হয়ে গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করেন। নিষিদ্ধ সংগঠনের পক্ষে এমন রাজনৈতিক কর্মকাণ্ড ও গোপন জটলার খবর পেয়ে মোংলা থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত অধিকাংশ নেতাকর্মী দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে যুবলীগ ও ছাত্রলীগের ওই চার নেতাকর্মীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এই আয়োজনের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারেও জোর অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোংলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এভাবে জড়ো হয়ে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়েছিল। আটককৃতদের থানায় নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।







