রংপুর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম প্রশ্ন তুলেছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে দেশের রাজনৈতিক শূন্যতা কে পূরণ করবে। তিনি বলেন, “ধরে নিলাম আমরা নিষিদ্ধ হলাম, তাহলে দেশ কি আপনারাই একাই চালাবেন? একদলীয় শাসন কি প্রতিষ্ঠা করতে চান?”
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিএনপির এক সংসদ সদস্য জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন।
বক্তব্যে এটিএম আজহার জামায়াতের প্রয়াত নেতাদের স্মরণ করে দাবি করেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং ফ্যাসিবাদ নির্মূল করতে হলে এর সব চিহ্ন মুছে ফেলা প্রয়োজন।
প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে এবং দুর্নীতি নিয়ন্ত্রণ ও ডিজিটাল সংস্কার ছাড়া রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
সুদভিত্তিক অর্থনীতির সমালোচনা করে তিনি বলেন, দেশের বিপুল অর্থ সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, যা মুসলিম-প্রধান দেশের জন্য গ্রহণযোগ্য নয়। তিনি সুদমুক্ত অর্থনীতি গঠনে সুকুক (ইসলামী বন্ড) সম্প্রসারণের প্রস্তাব দেন।
ব্যাংকিং খাতের অনিয়ম ও খেলাপি ঋণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানান এবং এটিকে সৎ করদাতাদের প্রতি অবিচার বলে উল্লেখ করেন।







