সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউপি সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে স্থানীয় বিএনপি ও যুবদলের দায়িত্বশীল নেতা রয়েছেন বলে জানা গেছে। চন্দনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন—৭নং চন্দনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চান্দুড়িয়া গ্রামের ইউপি সদস্য ও বিএনপি নেতা ফারুক আনছারী, ২নং ওয়ার্ড কাদপুরের ইউপি সদস্য নিজাম উদ্দিন মন্টু, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং কাদপুর গ্রামের বাসিন্দা সোহাগ।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই চারজনকে গতিরোধ করে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।







