বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রফিকুল ইসলাম মিয়ার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর জানান, তার কিডনি কার্যক্ষমতা হারিয়েছে এবং রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে নিউরোলজিক্যাল জটিলতায় ভুগছিলেন। বড় ছেলে লন্ডন থেকে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১ জুলাই অসুস্থ হয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে আইসিইউ-সুবিধাসংবলিত কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে বৃহস্পতিবার দুপুর থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে জুনের শেষ সপ্তাহেও তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
৮৫ বছর বয়সী রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে বিএনপি সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার দুই ছেলে—মাসরুর রফিক মিয়া ও শাহাপুর রফিক মিয়া—বিদেশে বসবাস করেন। তার সহধর্মিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা রফিক, ২০২৫ সালের ২ মার্চ মারা যান।
রফিকুল ইসলাম মিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তার একান্ত সচিব মোকসেদুর রহমান আবীর বলেন, “আমরা সবার কাছে স্যারের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”






