চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি আমানত থাকা গ্রাহকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৫ জনে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে ৫০ কোটি টাকার বেশি আমানতধারী গ্রাহকের সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বর শেষে এই সংখ্যা কমে ১৩ জনে নেমে এসেছিল, যা চলতি বছরের মার্চে আবার ২টি বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে, দেশের ব্যাংকগুলোতে ১ কোটি টাকা বা তার বেশি আমানত থাকা অ্যাকাউন্ট বা হিসাবের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪৫টিতে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বিগত তিন মাসের ব্যবধানে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯টি। এর আগে গত বছরের ডিসেম্বর শেষে এই ধরনের আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।







