যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি দেশ-বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তার দাবি, ওই মেয়েকে ঘিরে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে, সেটি ইতোমধ্যেই মীমাংসিত ছিল। এরপরও বিষয়টিকে কেন্দ্র করে হামলা চালানো এবং সংসদ সদস্যের ব্যাখ্যার পরও জনতাকে উসকে দেওয়ার চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে জামায়াত।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে জামায়াতকে বিতর্কিত করতে লক্ষ্যভিত্তিক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সংশ্লিষ্টদের সত্য ঘটনা তুলে ধরে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং নাগরিকদের বিভ্রান্ত না করার অনুরোধ করেন।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।







