হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন।
উত্তরাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার মৌলভীবাজার জেলার নির্ধারিত দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম জানান, নির্ধারিত পদযাত্রার পরিবর্তে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষারসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও অংশ নেবেন।
ফেসবুক পোস্টের শেষাংশে তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস আলম লেখেন, “জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।”
হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই দলটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হলো।







